দৌলতপুরে ঝুলন্ত অবস্থায় ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ঝুলন্ত অবস্থায় সুরুজ (৩৫) নামে এক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার তারাগুনিয়া শালিমপুর এলাকার নিজ বাড়ির পেছনে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুরুজ ওই এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পেছনে গাছে ঝুলন্ত অবস্থায় সুরুজকে দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, সুরুজ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। এছাড়া তার পরিবারের মধ্যেও আগে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর আগে তার মা ও বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন বলে জানান তারা।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সুরুজ নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































