# Tags

লামায় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত

বেলাল আহমদ, লামা বান্দরবান-বান্দরবানের লামার তথ্য অফিসের উদ্যোগে জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) দুপুর ১২টায় আজিজ নগর ইউনিয়ন পরিষদের হলরুমে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলার আজিজ নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল আহমদ।

মোবারক হোসেন বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়ে তিনি সরকারি সেবা গ্রহণে সঠিক তথ্য প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ জানান, মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সময় পরিবারের সঠিক তথ্য প্রদান এবং জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সরকারি ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাপ্তির পর কোনো অবস্থাতেই OTP (ওয়ান-টাইম পাসওয়ার্ড), PIN বা পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। প্রতারণা এড়াতে এসব তথ্য সম্পূর্ণ গোপন রাখার জন্য তিনি উপস্থিত নারীদের সতর্ক করেন।

তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার সরকারিভাবে ৫ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করলে ৩ লাখ টাকা এবং আহত ব্যক্তির চিকিৎসা ব্যয়ের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। এ সুবিধা পেতে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA)-এর চেয়ারম্যান বরাবর নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

এ ছাড়া তিনি বলেন, ক্যান্সার, কিডনি রোগ, স্ট্রোক, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া এবং জন্মগত জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এককালীন ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করা হয়। এ ধরনের সরকারি সহায়তা পেতে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার জন্য তিনি উপস্থিতদের উদ্বুদ্ধ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক বেলাল আহমদ সরকারি সেবা গ্রহণে দালাল বা মধ্যস্বত্বভোগীকে এড়িয়ে সরাসরি সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ, গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকা এবং যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, প্রবাসী কার্ড, প্রতি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ এবং স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং সরকারি বিভিন্ন সেবা ও কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয়।