ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় পৃথক মাদক বিরোধী অভিযানে নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৫ বোতল বিদেশী মদ ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৫ ইং তারিখ রাত ১টা ৪৫ মিনিটে ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভরাডোবা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার টাকা। ঘটনাস্থল থেকেই মাদকসহ মোছাঃ নয়ন (৪২), পিতা মৃত আঃ রশিদ, সাং—পুরুড়া, থানা—ভালুকা, জেলা—ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং-২২, তারিখ-১৩/০৮/২০২৫) দায়ের হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট ২০২৫ ইং তারিখ রাত ৩টায় এসআই (নিঃ) মোঃ রনজু আলম সঙ্গীয় ফোর্সসহ বাটাজোর গ্রামের জনৈক ইয়াকুব আলীর বাড়ি থেকে ৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (২৪), পিতা-মোঃ আব্দুল মালেক, সাং-কাচিনা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মদের বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা (নং-১৯, তারিখ-১২/০৮/২০২৫) দায়ের হয়েছে।
অভিযানের একই দিনে ভোর ৫টায় পাড়াগাঁও ডেবুনিয়া ফ্যাক্টরীর সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান রাব্বী (২৮), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-সনচুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ (বর্তমান ঠিকানা—ছোট কাশর, ভালুকা) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪ হাজার ৫০০ টাকা। তার বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা (নং-২০, তারিখ-১২/০৮/২০২৫) দায়ের করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “মাদকমুক্ত ভালুকা গড়তে পুলিশ সবসময় সক্রিয় রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত তিন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































