# Tags

দিনাজপুরে পরীক্ষার ফি না দেওয়ায় ছাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের পার্বতীপুরে পরীক্ষার ফি বাকি থাকার অজুহাতে এক ছাত্রীকে অপমান করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পার্বতীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাবলিক উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর (রোববার) সকাল ১০টার দিকে এসএসসি পরীক্ষার সমমানের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে আসে ১০ম শ্রেণির ছাত্রী মারিয়া আকতার রিয়া। পরীক্ষাকালীন সময় স্কুলের সহকারী শিক্ষক (বিএসসি) মিজানুর রহমান পরীক্ষার কক্ষে প্রবেশ করে রিয়াকে দঁাড় করিয়ে বলেন, তোদের বাপের স্কুল, তোদের বাপের খাতা-কলম দিয়ে পরীক্ষা দিচ্ছিস? এ সময় শিক্ষকের এ ধরনের আচরণে ভেঙে পড়ে রিয়া। কান্নাজড়িত অবস্থায় পরীক্ষা ছেড়ে বাড়ি ফিরে গিয়ে অভিভাবকদের পুরো বিষয়টি জানায়।
রিয়া অভিযোগ করে জানায়, আমি আর ওই স্কুলে পরীক্ষা দিতে যাব না। যদি জোর করে যেতে বলেন, আমি আত্মহত্যা করব। এ কারণে গত বৃহস্পতিবার থেকে রিয়া পরীক্ষায় অংশ নেয়নি বলে জানা গেছে।
ঘটনার সময় পরীক্ষার দায়িত্বে থাকা আরও দুই শিক্ষক জানান, পরীক্ষার ফি বকেয়া থাকলেও ছাত্রীকে পরীক্ষার হলে সবার সামনে এভাবে অপমান করা উচিত হয়নি। বিষয়টি ভদ্রভাবে পরবর্তীতে জানানো যেত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কুমার বলেন, এটা আমি সরাসরি বলতে পারছি না। তবে পরে জেনেছি, উক্ত ছাত্রী ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়নি। ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক।
এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।