কিশোরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
আব্দুর রউফ ভূইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মো. আব্দুর রশিদ (৬৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার (০৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর দিকে বটতলায় পরিত্যক্ত টিনসেট গুদাম ঘর থেকে মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পেশাদার মাদক ব্যবসায়ী মো. আব্দুর রশিদ কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের লোকমান খারকান্দি গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একজন পেশাদার মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর দিকে বটতলায় পরিত্যক্ত টিনসেট গুদাম ঘরে গাঁজা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে জিআরপি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মো. আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। এ সময় মো. আব্দুর রশিদের হেফাজত থেকে একটি সাদা, লাল ও নীল রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত কালো পলিথিনের মধ্যে মোড়ানো সাতশত গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সচেতন মহল বলছেন, এই ধরনের অভিযানে প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা ধরা পড়লেও বেশিরভাগ সময় আইনের ফাঁক গলে তারা আবারও ছাড়া পেয়ে যায়। ফলে এলাকায় তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া মাদকের ভয়াল গ্রাস কমছে না। জনগণের প্রত্যাশা—আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যায় এবং গ্রেফতারকৃতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি প্রজন্মকে ধ্বংস করে। তাই সমাজের প্রতিটি মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী সংবাদ মাধ্যম কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. আব্দুর রশিদ গাঁজা সংরক্ষণ ও বিক্রয়ের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রহিয়াছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































