খাগড়াছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)-র ৪২তম মৃত্যুবার্ষিকী পালন
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। মানবেন্দ্র নারায়ণ লারমা (এম এন লারমা)-র ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে শোক র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর,২০২৫ইং) সকালে মহালছড়ি উপজেলার মুবাছড়ি খুলারাম পাড়া রাধামন স্পোর্টিং ক্লাব এর মাঠ প্রাঙ্গনে মানবেন্দ্র নারায়ণ লারমা’র সংগঠনের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পুষ্পমাল্য হাতে শোক র্যালি করে এমএন লারমার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে।
স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে মুবাছড়ি খুলারাম পাড়া রাধামন স্পোর্টিং ক্লাবের মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয়ের আয়োজনে স্মরণ সভার আয়োজন করা হয়।
উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা।
স্মরণ সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পালন কমিটির আহ্বায়ক সুভাষ কান্তি চাকমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সহসাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক কাকলি খীসা, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা সহ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
স্মরণ সভায় ভক্তরা জুম্মা জাতীয় চেতনার অগ্রদুত কবিসংবাদিত নেতা মানবেন্দ্র লারমার স্মৃতিচারণ করেন। এবং বলেন এ নেতা আজীবন জম্মুজাতির নিঃস্বার্থ অধিকার আদায়ের জন্য কথা ভেবে ছিলেন। দিন মজুর থেকে শুরু করে তিনি সব শ্রেণীর মানুষের কথা তিনি চিন্তা করতেন। এই পাহাড়কে নিয়ে চিন্তা করতেন। পাহাড়ের মানুষের কথা ভাবতেন তিনি।
উল্লেখ্য – এমএন লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে নিজের প্রতিষ্ঠিত দলের বিপৎগামীদের গুলিতে মৃত্যুবরণ করেন তিনি।
একইভাবে সকালে খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব থেকে শোক র্যালি বের করে চেঙ্গী স্কোয়ার মানবেন্দ্র নারায়ণ লারমা’র স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে। এবং খাগড়াছড়ি সদরস্ত তেঁতুলতলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































