# Tags

গোবিন্দগঞ্জে সুদের টাকার জেরে নারীকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি-গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুদের টাকার জেরে এক নারীকে বেদম মারধর ও তার পুত্রবধূর গলা থেকে স্বর্ণের চেইনসহ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভড়া গ্রামের মো: রফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ জাহানারা বেগম (৩৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মো: আজিজুল ইসলাম এর ছেলে, মোঃ আব্দুর রশিদ (৪০) একজন কুখ্যাত দাদন ও সুদ ব্যবসায়ী। প্রায় এক বছর আগে জাহানারা বেগম তার নিকট থেকে ৩০ হাজার টাকা কর্জ নেন। পরে মূল টাকা পরিশোধের পরও সুদ বাবদ আরও ৩০ হাজার টাকা দাবি করেন। জাহানারা বেগম হুমকির মুখে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বিবাদী পুনরায় আরও ২০ হাজার টাকা দাবি করে।

এ ঘটনায় গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে বিবাদী জাহানারা বেগমের বাড়ির উঠানে এসে টাকার জন্য চাপ সৃষ্টি করেন। দাবী কৃত টাকা না দেওয়ায় তিনি উত্তেজিত হয়ে জাহানারা কে অশালীন ভাষায় গালি গালাজ ও বেদম মারধর করেন। এক পর্যায়ে হাতে থাকা পাচুনের ঘাড়ি দিয়ে তার বাম হাতে আঘাত করে রক্তাক্ত জখম করেন। এতে জাহানারা বেগম অর্ধউলঙ্গ অবস্থায় মাটিতে পড়ে যান এবং তার শ্লীলতাহানি ঘটে।

চিৎকার শুনে তার পুত্রবধূ মোছাঃ হীরা বেগম (২০) ও মেয়ে মোছাঃ রুপা আক্তার (১৬) এগিয়ে এলে দাদন ব্যবসায়ী আব্দুর রশিদ তাদেরও মারধর করে। এ সময় হীরা বেগমের গলা থেকে ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ও হাতে থাকা Infinix অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (মোট মূল্য আনুমানিক ১ লক্ষ ১১ হাজার টাকা) ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ আছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ রহিমা বেগম ও মোঃ শহিদুল ইসলাম সহ অনেকে ঘটনা স্থলে উপস্থিত ছিলেন।

পরে আহত জাহানারা বেগম ও তার পুত্রবধূ গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে থানায় অভিযোগ দায়ের করেন।