খাগড়াছড়িতে হেলথ্ অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। “আমার স্বাস্থ্য আমার অধিকার। স্বাস্থ্য সেবায় সমতা চাই, মানবিক বিশ্ব গড়তে চাই। ” এই শ্লোগান’কে সামনে রেখে খাগড়াছড়িতে হেলথ্ অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর, ২০২৫ ইং) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এর আয়োজনে বাংলাদেশ হেলথ ওয়াচ ও যাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় হেলথ্ অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হেলথ্ অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতায় জেলার ১৩ টি বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতা পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম ও হেলথ্ অলিম্পিয়াড কুইজ আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ আল আমিন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের।
এসময় তিনি, বাংলাদেশ হেলথ ওয়াচ ও যাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় এতো সুন্দর একটি আয়োজনের জন্য জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম’কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং জেলায় স্বাস্থ্য সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অবগত হবেন। পাশাপাশি তারা পরিবার ও সহপাঠীদেরও সচেতন করবে। এতে সমাজের সাধারণ জনমনে স্বাস্থ্য সচেতনতা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে “বাংলাদেশ হেল্থ ওয়াচ” খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাধন কুমার চাকমা উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে পার্বত্য জেলা খাগড়াছড়িতে শিক্ষার্থীরা স্বাস্থ্য সম্পর্কে অবগত হবেন। কারণ শরীর সুস্থ থাকলে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোনিবেশ সহ সমাজের কল্যাণে সকলকাজে আজকের শিশুরা আগামীতে অবদান রাখতে পারবে। কথায় আছে স্বাস্থ্য – ই সকল সুখের মূল।
অনুষ্ঠানে বাংলাদেশ হেলথ ওয়াচ ও যাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ফোকাল পারসন বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,যাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ হেলথ ওয়াচ এর প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আবদুল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তলে দেয়া হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































