# Tags

চকরিয়ায় রাতের আঁধারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-চট্টগ্রাম কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। বেলা এগারোটার দিকে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে লাশটি তার কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেন জানান, রোববার দিবাগত রাতে ওই ব্যক্তিকে রেললাইনের উপর বসে থাকতে দেখেছিলেন কয়েকজন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি দ্রুতগতির ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রাতের বেলায় হারবাং এলাকায় কোনো ট্রেন থামে না। সম্ভবত লাইনের উপর বসে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। মরদেহের পাশে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়নি।

রেলওয়ে পুলিশ কক্সবাজারের ইনচার্জ মোহাম্মদ
শাহজালাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় উদঘাটনে আমরা কাজ করছি।

স্থানীয় এলাকাবাসী জানান, হারবাং রেললাইন এলাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ বাড়ছে। অরক্ষিত লেভেল ক্রসিং, সিগন্যালবিহীন পথ ও পর্যাপ্ত আলোর অভাবকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করছেন এলাকাবাসী। ##