তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচ হাফেজকে উপহার দেয়া হল বাইসাইকেল
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধর্মীয় শিক্ষার প্রতি সম্মান, হাফেজদের প্রতি মর্যাদা এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। প্রথমবারের মতো তেঁতুলিয়ার তিরনইহাটে হাফেজদের দস্তারবন্দি অনুষ্ঠানে পাঁচ হাফেজকে উপহার হিসেবে দেওয়া হয়েছে পাঁচটি নতুন বাইসাইকেল। যা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। পবিত্র কোরআনের হাফেজ এটাই তাদের প্রথম বড় সম্মাননা বলে জানা গেছে। গত শুক্রবার রাতে আয়োজিত দস্তারবন্দি অনুষ্ঠানে এসব বাইসাইকেল উপহার দেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু। যেখানে পাগড়ীর পাশাপাশি হাফেজদের হাতে তুলে দেয়া হলো এমন ব্যবহারিক, প্রয়োজনীয় ও তাৎপর্যপূর্ণ উপহার।
জানা যায়, জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে অবস্থিত সরকারি ক্যাপিটেশন গ্রান্টভূক্ত তিরনইহাট এতিমখানা শিশু সদন ও নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী দীর্ঘ পরিশ্রম আর নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে শেষ করেন হেফজুল কোরআন। ৩০ পারা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে হাফেজ হওয়ার মুহূর্তে তারা পেলেন নতুন এক আনন্দ বাইসাইকেল উপহার। উপহারপ্রাপ্ত পাঁচ হাফেজ হলেন, তেঁতুলিয়া উপজেলার তিরনই ইউনিয়নের পিঠাখাওয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে হাফেজ মো. আব্দুল্লাহ নোমান, একই ইউনিয়নের দৌলতপাড়া এলাকার সমেত আলীর ছেলে হাফেজ মো. আলমগীর হোসেন, বাংলাবান্ধা ইউনিয়নের সিপাহীপাড়া জামাদারগছ এলাকার ফজর আলী ছেলে হাফেজ মো. নূরে আকসার আপন, তিরনই ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার উমের আলী ছেলে হাফেজ মো. মেহেদী হাসান ও দৌলতপুর এলাকার জাকির হোসেনের ছেলে হাফেজ মো. আব্দুল্লাহ আল সাঈদ।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, এই সন্তানগুলো অনেক প্রতিকূলতার মধ্যেও কোরআন হেফজ করেছে। তাদের যতটুকু পারি উৎসাহ দিতে চাই। বাইসাইকেল উপহার দেয়ার উদ্দেশ্য হলো, তাদের যাতায়াত সহজ করা, যেন তারা আরও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে। সামনে আরও এমন উদ্যোগ নেওয়া হবে। #





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































