# Tags

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ; আহত ২

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর প্রামানিকপাড়া গ্রামে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, পূর্ব ফিলিপনগর গ্রামের মৃত আলিম প্রামানিকের ছেলে সোহেল (৪৫) ও একই গ্রামের মৃত ওয়াসেদ আলীর ছেলে তৌফিকুলের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় কয়েক মাস আগে তৌফিকুলের ভাই আসাদুল (৩৮) সোহেলকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করে।

এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তৌফিকুলের ছেলে রাসেল (৩৫) ও তার ভাই আসাদুল (৩৭) বৈরাগীর চর বাজারে একটি মিষ্টির দোকানে গেলে সোহেলের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রাসেল ও আসাদুল গুরুতর আহত হন।

পরে তৌফিকুল পক্ষের লোকজন পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আহত রাসেল ও আসাদুলকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রেখেছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।