দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপির সভা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে স্বচ্ছতা বজায় রাখা ও যেকোনো ধরনের অনৈতিক অর্থ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এবারের নির্বাচনে কোনো প্রকার অর্থ লেনদেনের সুযোগ নেই। সকলকে স্বচ্ছ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। আনসার ভিডিপি ম্যানেজমেন্ট সিস্টেম (এবিএমআইএস) সার্ভারের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধুমাত্র যেসব আনসার সদস্য পূর্বে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যাদের সনদপত্র রয়েছে, তারাই অনলাইনে আবেদন করতে পারবেন। যাদের সনদপত্র নেই, তারা আবেদন করতে পারবেন না।
সভায় আরও জানানো হয়, ইতিপূর্বে উপজেলার প্রায় ৬০টি গ্রামে আনসার সদস্যদের অস্ত্রসহ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব বিষয় যাচাই-বাছাই করে নির্বাচনী ডিউটিতে নিযুক্ত করা হবে এবং সেটা জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা চূড়ান্ত করবেন। কোনো প্রকার অনৈতিক সুবিধা নিয়ে ডিউটিতে নিয়োগ দেওয়া হবে না বলেও কঠোরভাবে জানানো হয়।
নির্বাচনের আগে কিছু দালালচক্র নির্বাচনী ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করে থাকে। এ ধরনের প্রতারক ও দালাল প্রকৃতির লোকদের কাছ থেকে দূরে থাকার এবং কোনোভাবেই তাদের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দৌলতপুর উপজেলায় মোট ১৩৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১ হাজার ৭৫৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে ৩ জন অস্ত্রধারী আনসার, ৪ জন মহিলা আনসার এবং ৬ জন সাধারণ আনসার সদস্য।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সাহানা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি অফিসার রেহেনা খাতুন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার প্রশিক্ষক নিরুপম কুমার রায়, উপজেলা আনসার কমান্ডার আজমত আলী, কাজী সেলিম রেজাসহ বিভিন্ন ইউনিয়নের আনসার কমান্ডার, প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও সদস্যরা।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রেহানা খাতুন বলেন, পূর্বে কীভাবে ভোটের ডিউটি প্রদান করা হয়েছে, সে বিষয়ে আমি অবগত নই। তবে বর্তমান সময়ে কোনোভাবেই অনৈতিক অর্থ লেনদেন করে সাধারণ আনসার সদস্যদের কাছ থেকে টাকা আদায় করা যাবে না। যদি কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































