# Tags

তালার শিরাশুনী ডায়ের বিলে অবৈধ হ্যামার মেশিন দিয়ে বালু উঠানো বন্ধ করলেন উপজেলা প্রশাসন

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী ডায়ের বিল থেকে জমির মালিকদের আপত্তি উপেক্ষা করে বালু উঠিয়ে বিক্রয় করছে একটি চক্র। ফুঁসে উঠেছে জমির মালিক সহ এলাকাবাসী শিরোনামে সংবাদ প্রকাশের পরে বালু উঠানো বন্ধ করলেন উপজেলা প্রশাসন।

‎শুক্রবার (১৬ জানুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এর নির্দেশনা অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান এই বালু উঠানো বন্ধ করে দেন।

‎উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল থেকে এই বালু উত্তোলন শুরু হয়েছে। জাকির হোসেন নামে এক সরকারী কর্মকর্তার নির্দেশে এই বালু উত্তোলন করা হচ্ছে বলে জানা গেছে। পাশ্ববর্তী জমির মালিকরা আপত্তি করলেও মানছেন না তারা। সম্পূর্ণ গায়ের জোরে ঐ কর্মকর্তার নির্দেশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করছে।

‎সরেজমিন পরিদর্শনে গেলে পার্শবর্তী জমির মালিক আব্দুর রশিদ, জামাল মোড়ল সহ অনেকেই বলেন, তালার শিরাশুনী গ্রাম প্রতিবছর বর্ষাকালে ৫ মাস পানিতে তলিয়ে থাকে। রাস্তাঘাট, ফসলের ক্ষেত তলিয়ে যায়। এই এলাকা থেকে এভাবে বালু উঠালে আমরা বসবাস করতে পারবো না। এই গ্রামের সরকারী কর্মকর্তা জাকির হোসেন জোর করে বালু উঠাচ্ছে। শিরাশুনী গ্রামের ছবেদ আলীর ছেলে বাবুল আক্তার ও খালেকের ছেলে আব্দুল লতিফ লিটন মেশিন দিয়ে বালু উঠাচ্ছে। এই জমি থেকে জাকির হোসেন আগেও বাড়ি করার সময় বালু তুলেছিলো। আগে বালু তেলার কারণে এই বিলে কোনো ফসল হয় না। গত ১০-১২ বছর বালু না উঠানোই বিল একটু একটু উঁচু হতে শুরু করেছে। এভাবে থাকলে ২-৩ বছর পরে ফসল  করা যাবে। তব আবার বালি তুললে আর কখনো এই জমিতে ফসল হবে না।

‎তারা বলেন, এই বালু ব্যবসায়ী চক্র প্রায় ৬ মাস ধরে বালু তুলে বিক্রি করছে। প্রশাসন দেখেও দেখে না। এলাকার চেয়ারম্যান, মেম্বররাও কখনো এদের বাঁধা দেয় না। আমাদের মনে হয় উপরের কর্মকর্তাদের সাথে এদের যোগাযোগ আছে বলে জানান তারা।

‎তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, তালার শিরাশুনী গ্রামের ডায়ের বিল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বন্ধ করে দেয়া হয়েছে। যদি আবারও উঠানোর চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

‎#