ভালুকায় উৎসবমুখর পরিবেশে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি -ভালুকায় উৎসবমুখর পরিবেশে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে রফিক রাজু একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী জমকালো আয়োজনে একাডেমির স্কুল মাঠে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস, যা উপস্থিত সবার মাঝে উৎসবের আমেজ তৈরি করে।
মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রফিক রাজু ক্যাডেট স্কুলের ভালুকা শাখার পরিচালক আজিম উদ্দিন সুমন, একাডেমির শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































