# Tags

শপথ গ্রহণ শেষে নিজ এলাকা বান্দরবান ফিরলেন সংরক্ষিত নারী আসনের এমপি মাধবী মার্মা

বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি-শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফিরেছেন বান্দরবানের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন।

নিজ এলাকায় পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলের উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
উষ্ণ অভ্যর্থনায় সাড়া দিয়ে নবনির্বাচিত এই নারী সংসদ সদস্য বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন। তিনি দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন বিশেষ করে নারীদের নিয়ে কাজ করতে পারলে তিনি নিজেকে আরও বেশি সফল মনে করবেন। কারণ দীর্ঘদিন ধরেই তিনি নারী অধিকার ও নারীর উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন। ফলে এ খাতে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান।
সরকার ও বেসরকারি পর্যায়ে নারী ও শিশুদের জন্য যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে তা তিনি পর্যবেক্ষণ করবেন। যেসব কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, সেগুলো কীভাবে আরও গতিশীল ও কার্যকর করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।