নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ব্যাটারি জব্দ ও জরিমানা
নাটোর প্রতিনিধি:নাটোর সদর উপজেলার ছাতনী ও বড় হরিশপুর ইউনিয়নের অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় হরিশপুর ইউনিয়ন থেকে ৪টি ব্যাটারি জব্দ করা হয় এবং ছাতনি ইউনিয়নে মাছদিঘা এলাকা আহম্মেদ আলীর ছেলে মোহাম্মদ আলি কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় নাটোর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এ সময় একদল চৌকস আনসার সদস্য উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































