দিনাজপুরে ফ্যাসিবাদের দোসর খুরশীদ আলমের পদত্যাগ ও কামাল জসীমের বহিষ্কার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান, ফ্যাসিবাদের দোসর ও ব্যাংক লুটকারী এস আলমের ঘনিষ্ঠ সহযোগী খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুশষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ব্যাংকের গ্রাহকদের আস্থা, স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খান-কে স্বপদে পুনর্বহাল এবং ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী, ক্ষমতালোভী, কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় শহরের লিলিরমোড়ে ‘দিনাজপুর ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা সম্প্রতি ঢাকায় ইসলামী ব্যাংকের শান্তিকামী গ্রাহকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, স্বৈরাচারের অবশিষ্টাংশরা এখনো বিভিন্ন সংস্থায় লুকিয়ে থেকে গণমানুষের ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিতর্কিত এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাত থেকে এক লক্ষ ৩১ হাজার কোটি টাকারও বেশি পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এখন আবার নতুন করে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে ব্যাংক দখল করার চক্রান্ত চলছে।
গ্রাহক নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন: ইসলামী ব্যাংক এদেশের ৩ কোটি গ্রাহকের আমানত ও আস্থার প্রতীক। একে কোনো লুটেরা বা কুচক্রী মহলের হাতে ছেড়ে দেওয়া হবে না।
আবারো যদি স্বৈরাচারী কায়দায় ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করা হয়, তবে ব্যাংকের ৩ কোটি গ্রাহক ও তাদের পরিবারের সদস্যরা রাজপথে নেমে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
অবিলম্বে ব্যাংকের সুশাসন ফিরিয়ে আনতে বিতর্কিত কর্মকর্তাদের তাড়াতে হবে এবং সৎ ও যোগ্য কর্মকর্তাদের স্বপদে ফিরিয়ে আনতে হবে।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আব্দুর রাজ্জাক। এ সময় সংহতি ও আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক সাদাকাত আলী খান, অ্যাডভোকেট ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, আকবর হোসেন, মাহবুবুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মতিউর রহমান কামাল, নাসির উদ্দীন এবং আব্দুল বাতেনসহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকবৃন্দ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































