# Tags

লোহাগড়ায় পৈতৃক সম্পত্তির দাবিতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় পৈতৃক সম্পত্তির অধিকার নিশ্চিত করার দাবিতে দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া শহরের কলেজপাড়ার বাসিন্দা মৃত চাঁদ খানের মেয়ে মোসা. সেলিনা খানম।
লিখিত বক্তব্যে তিনি জানান, লোহাগড়া মৌজার ৬৯ নম্বর দাগে মোট ২৬ শতাংশ জমির মধ্যে ৮ দশমিক ৬৮ শতাংশ জমি তাঁর নামে রেকর্ডভুক্ত রয়েছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তাঁর কাছে সংরক্ষিত আছে। চিকিৎসার ব্যয় মেটাতে চলতি বছরের ২৩ মে তিনি বায়না রেজিস্ট্রির মাধ্যমে ওই জমি লিয়াকত হোসেন লিপুসহ তিনজনের কাছে বিক্রি করেন।
তিনি আরও জানান, জমির ক্রেতারা দখল বুঝে নিতে গেলে তাঁর দুই ভাই জাহিদুর রহমান খান ও ওহিদুজ্জামান খান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির দখল বুঝিয়ে দেন। তবে পরে তাঁর ভাই জাহিদুর রহমান খান বেআইনিভাবে তাঁর এবং জমির ক্রেতাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সেলিনা খানম অভিযোগ করেন, তাঁকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে জমির ক্রেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ করা হয়েছে। তিনি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং তাঁর সম্পত্তির দখল নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জমির ক্রেতা লিয়াকত হোসেন লিপু, সোহেল মিনা এবং ভুক্তভোগীর জামাতা জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।