সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি – সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মান করে আসছিলেন কলেজ শিক্ষক কামাল হোসেন। খবরপেয়ে খাল দখলে বাঁধা দেয় প্রশাসন। কিছুদিন কাজ বন্ধ রাখলেও পূনরায় একই ভাবে খাল দখল করে অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মাণ শুরু করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারের।
বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, গত তিনমাস পূর্বে সরকারি খাল দখল করে অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মান কাজ শুরু করেছিলো স্থানীয় বাসিন্দা কামাল হোসেন। প্রশাসন খাল দখলে বাঁধা দেওয়ায় নির্মান কাজ বন্ধ ছিলো। গত কয়েকদিন পর্যন্ত অব্যাহত ভাবে খাল দখল করে নির্মান কাজ চালিয়ে আসছে কামাল। তবে খাল দখলের অভিযোগ অস্বীকার করে কামাল হোসেন জানিয়েছেন, তিনি তার নিজস্ব জমিতে স্থাপনা নির্মান কাজ শুরু করেছেন। নলচিড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আব্বাস আলী জানান, আমাদের বাঁধা উপেক্ষা করে ওই ব্যক্তি খাল দখল করে নির্মান কাজ চালিয়ে আসছে। বিষয়টি আমার উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, সরকারী স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। খাল দখল করে কাউকে পাকা স্থাপনা নির্মান করতে দেওয়া হবেনা। তবে ব্যক্তি মালিকানা জমিতে স্থাপনা নির্মান করলে এক্ষেত্রে আমাদের কোন বাঁধা নেই।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































