চকরিয়ায় র্যাবের হাতে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মো, সাইফুল ইসলাম খোকন,, চকরিয়া (কক্সবাজার).
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল আমিন ওরফে কালাইয়া (৫০) র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার এর সদর কোম্পানির একটি আভিযানিক টিম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুরুল আমিনকে সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত নুরুল আমিন খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকার কবির আহমদ এর ছেলে।
গতকাল রোববার (১ জুন) বিকালে র্যাব কক্সবাজারের গণমাধ্যম শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে হত্যা মামলার ওই আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকায় জমির সীমানাকে কেন্দ্র করে ভিকটিম এবং আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরধরে ১৯৯৮ সালে আসামী পক্ষের আরো ৫-৭ জন মিলে জায়গা দখলে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে গুরুতর জখম করে হত্যা করেন।
এ ঘটনায় ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর তারিখে চকরিয়া থানায় নিহতের পরিবার একটি মামলা ( নং-০৪,, জিআর নং- ২৭৫/৯৮) ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
র্যাব জানিয়েছে, হত্যা মামলাটি রুজু হওয়ার পর আসামি নুরুল আমিন ওরফে কালাইয়া আত্মগোপনে চলে যায়। এরইমধ্যে আদালত কর্তৃক মামলার রায়ে
আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। শনিবার রাতে গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে গতকাল রোববার দুপুরে হত্যা মামলার ওয়ারেন্টমুলে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































