করিমগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
আব্দুর রউফ ভুঁইয়া : কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের করিমগঞ্জে পুকুরের পানিতে ডুবে স্কুল পড়ুয়া দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার পিটুয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৯) ও রাসেল মিয়ার মেয়ে তাইয়্যেবা আক্তার (১১)। তারা দুইজন আপন চাচাতো বোন। দুই জনেই স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরে দুই জন বাড়ির পাশে একটি ফিশারির পুকুরে গোসল করতে যায়, গোসল করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা পুকুরপাড়ে যায়। সেখানে গিয়ে মগ এবং জামাকাপড় পানিতে ভাসতে দেখেন। আশেপাশে কোথাও ইয়াসমিন এবং তাইয়্যেবাকে দেখতে না পেয়ে পুকুরের পানিতে ডুব দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি জানান, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাদীউর রশিদ তাদের মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































