দিনাজপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২৮ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৫টায় ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক এবং বিএডিসি দিনাজপুরের উপপরিচালক ড. মো. সুলতানুল আলম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এবং বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সদস্য সচিব মো. আনোয়ার হোসেন সরকার। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ দিনব্যাপী মেলায় মোট ২ লাখ ৯৫ হাজার ৬০টি চারা বিক্রি হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ৯৭ লাখ ৫৩ হাজার টাকা।
অনুষ্ঠানে বন বিভাগের সহকারী সংরক্ষক নুরুন্নাহারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে তিনটি স্টলকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া প্রথম দিনের কুইজ প্রতিযোগিতার সঠিক উত্তরদাতা তিন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ হারুন উর রশিদ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































