সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা নিরসনে গণতান্ত্রিক ছাত্র সংসদের ৭ দফা ঘোষণা
আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, চিকিৎসা সেবার দুর্দশা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ৭ দফা দাবী ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবী উত্থাপন করা হয়।
ঘোষিত ৭ দফা দাবীর মধ্যে রয়েছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতাল পরিচালনা। দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সকল পরীক্ষার মেশিন চালু রাখা, একই সঙ্গে ঔষধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের নির্মূল করা। আউটসোর্সিং-এ নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ এবং দুর্নীতির সাথে জড়িতদের প্রত্যাহার। নারী কেলেঙ্কারিতে জড়িত ডা. হেলিশ রঞ্জনের অপসারণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার। হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান। রোগীদের জন্য সুষম খাবার সরবরাহ ও প্রতিদিনের খাদ্যতালিকা ওয়েবসাইটে প্রকাশ। ছাত্র জনতা ও প্রশাসনের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন ও প্রতি মাসে সার্বিক রিপোর্ট প্রকাশ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখার সংগঠক সাব্বিরুল হক তন্ময়, শামসুর রহমান, আনাস রহমান, আনিক, সাবাবসহ অন্যরা।
এসময় অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে এসব দাবি মেনে না নিলে পরবর্তীতে আরো কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































