পঞ্চগড়ে ব্যারিস্টার নওশাদ জমিরের নতুন কর্মসূচি ‘ঘরে ঘরে জনে জনে’
পঞ্চগড় প্রতিনিধি-আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-০১ আসনে ‘ঘরে ঘরে জনে জনে’ নামের এক নতুন কর্মসূচি শুরু করেছে বিএনপি।
বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ওই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। সোমবার সকাল থেকে তিনি পঞ্চগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের জালাসী মোড় থেকে ওই কর্মসূচি শুরু করেন।
নতুন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ওই নেতা বাড়িতে বাড়িতে গিয়ে স্থানীয় অধিবাসীদের সাথে দেখা করছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। সেই সাথে বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং রাস্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে ধারণা দিচ্ছেন তিনি।
এ সময় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ ও অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে এই কর্মসূিচ বাস্তাবায়ন করতে ১৯টি টিম গঠন করা হয়েছে। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ঘরে ঘরে জনে জনে কর্মসূচির মাধ্যমে আমরা বিএনপির ৩১ দফা এবং ১৮০ দিনের কর্মসূচি গণমানুষের কাছে তুলে ধরছি। আমরা অনেক সারা পাচ্ছি। মানুষের সমস্যাগুলো শুনতে পারছি। সবার সহযোগিতায় আমরা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের এ সকল সমস্যা সমাধানে আমরা কাজ করে যাব। #




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































