দৌলতপুরে শহীদ ইয়াকুব আলী সহ ৫ জাসদ নেতার ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর পি,এম ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাসদ নেতা শহীদ ইয়াকুব আলী সহ ৫ নেতার ২৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফিলিপনগর মরিচা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট।
কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছোট ভাই শামীম রেজা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক আলহাজ্ব আবু তাহের, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুর রহমান, বাউল শিল্পী শফি মন্ডল, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম অবঃ প্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, কল্যান ট্রাষ্টের আহবায়ক শহীদ ইয়াকুব আলীর সন্তান ইউসুব আলী রুশো,কল্যান ট্রাস্টের সদস্য বনি আমিন মহন,ইসলাম পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল ইসলাম, সাংবাদিক সাইদুর রহমান, মামুন মেম্বর সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। আলোচনা শেষে শহীদ ইয়াকুব আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ ইয়াকুব আলীর কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশ।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































