দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় র্যাবের অভিযান: কারখানা সিলগালা
সাইদুর রহমান দৌলতপুর( কুষ্টিয়া) প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করেছে র্যাব-১২। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
শনিবার (৯ মে) রাত প্রায় ৩ থেকে সকাল ৭ টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একটি গোডাউনে গড়ে তোলা অবৈধ সিগারেট তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের ফার্মে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে সিগারেট উৎপাদনের জন্য ব্যবহৃত পাঁচটি মেশিন উদ্ধার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ নকল সিগারেট, কাঁচামাল ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তবে অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি র্যাব।
এ বিষয়ে গোডাউনের মালিক হাবিব মাস্টার জানান, প্রায় দেড় মাস আগে শাকিল নামের এক ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকায় গোডাউনটি ভাড়া দেন তিনি। সেখানে নকল সিগারেট তৈরির কার্যক্রম চলছিল, এমন বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন।
তিনি আরও বলেন, আমি একজন স্কুলশিক্ষক। স্কুলের কাজ নিয়ে ব্যস্ত থাকায় ওই দিকে খুব একটা যাওয়া হয় না।
অন্যদিকে, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
র্যাব-১২ জানিয়েছে, জব্দকৃত মালামাল ও কারখানাটি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































