আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত
আল আমিন সরকার (আশুগঞ্জ)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় তানজিলা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানজিলা আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৪০০ মেগাওয়াট নর্থ ইউনিটের নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন ভূইয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিলা তার স্বামী আমজাদের সাথে মোটরসাইকেলে করে ভৈরবের একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন কোর্সের ক্লাস করতে যাচ্ছিলেন। পথে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পিছন থেকে ধাক্কা দেয়। এতে তানজিলা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































