# Tags

ভালুকায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

মো. আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

দলীয় সূত্র জানায়, ‘জুলাইয়ের চেতনা, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা’—এই প্রতিপাদ্য সামনে রেখে গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, খেলাফত মজলিশের ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, পৌরসভার মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম বাবুল, উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই চেতনা ধারণ করে ন্যায়বিচার, সুশাসন, জনগণের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।