নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দু’গ্রুপের সংঘর্ষে ২জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত
নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দু’গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্য মতবিনিময় সভা চলছিল। মতবিনিময় সভার শেষ মুহুর্তে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের সাথে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষসহ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মোঃ আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, বিএনপির মতবিনিময় সভায় নিজেদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে।
ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ পরিদর্শন করেছেন।অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যহত আছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































