এক তরুণের স্বপ্ন, হাজারো মানুষের ভরসা বরগুনা তথ্য সেবা অ্যাপসে
মোঃ মিজানুর রহমান ডব্লিউ,বরগুনা জেলা প্রতিনিধিঃ
রাতে হঠাৎ ছেলেটার শ্বাসকষ্ট শুরু হলো, ডাক্তার বা অ্যাম্বুলেন্সের নম্বর কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তখনই এক আত্মীয় ‘বরগুনা তথ্যসেবা অ্যাপসের কথা বলল। ডাউনলোড করেই নম্বর পেলাম,অ্যাম্বুলেন্স ফোন দিয়ে ডাক্তারের কাছে ছেলেটাকে নিয়ে গেলাম ছেলেটিকে বাঁচানো গেল বলেন বরগুনা সদরের গৃহবধূ পারভীন আক্তার।
এ রকম বহু মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছে একটি মোবাইল অ্যাপস নাম ‘বরগুনা তথ্যসেবা’। অ্যাপসটি তৈরি করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার ছোনবুনিয়া গ্রামের মো.হযরত আলীর সন্তান মো. রিয়াদ হোসাইন। ঢাকায় পরিবার নিয়ে থাকলেও, নিজের জেলা বরগুনার জন্য একটা দায়বদ্ধতা থেকেই জন্ম নেয় এই উদ্যোগ।
বরগুনা তথ্যসেবা অ্যাপস প্রস্তুতকারী রিয়াদ হোসাইন বলেন, ঢাকায় থাকলেও মনে হয় বরগুনার সাথেই আছি। নিজের মানুষগুলোর জন্য কিছু করতে চেয়েছিলাম। তাই ভাবলাম, যদি একটা অ্যাপে জেলার সব দরকারি তথ্য একত্র করা যায়, তাহলে অনেকেই উপকৃত হবে।
বন্ধু আবুবকর ছিদ্দিককে সঙ্গে নিয়ে শুরু হয় তথ্য সংগ্রহের পথচলা। না ছিল বড় কোন টিম, না ছিল অর্থনৈতিক সহায়তা ছিল কেবল এক গভীর ভালোবাসা। নানা সীমাবদ্ধতা আর চ্যালেঞ্জ পার হয়ে অবশেষে তারা গুগল প্লে-স্টোরে ‘বরগুনা তথ্যসেবা’ অ্যাপসটি উন্মুক্ত করতে সক্ষম হন।
এই অ্যাপস এ যুক্ত হয়েছে ৪৩টি বিভাগের প্রয়োজনীয় নম্বর ও তথ্য—হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসন সবই আছে এই অ্যাপস এ। রিয়াদ জানান, প্রথমে শুধু সদর উপজেলা দিয়ে শুরু করেছিলাম, এখন জেলার সব উপজেলা যুক্ত হয়েছে। অ্যাপসটি এখন পর্যন্ত কোনো প্রচারণা ছাড়াই ২ হাজারের বেশি মানুষ ডাউনলোড করেছেন।অ্যাপসের প্রতি মানুষের আস্থা প্রতিদিনই বাড়ছে।
বরগুনার সদর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেছেন, যেকোনো তথ্যের জন্য এখন আমাদের আর দূরে কোথাও যেতে হয় না এখন এক ক্লিকেই সব তথ্য হাতে পেয়ে যাই বরগুনা তথ্য সেবা অ্যাপস এর মাধ্যমে।
পাথরঘাটার তাফালবাড়িয়া এলাকার ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন,একদিন আমার দোকানে এক বৃদ্ধ বাবা আসেন। তার চোখে কান্না, কণ্ঠে অসহায়ত্ব। বলেন, তার স্কুলপড়ুয়া মেয়ে সকালবেলা বের হয়ে আর ফিরে আসেনি। খুব ভেঙে পড়েছিলেন তিনি। তখন আমি বরগুনা তথ্যসেবা অ্যাপ খুলে থানার ওসির নম্বর দিই। তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই মেয়েটিকে উদ্ধার করে। সেদিন আমি অনুভব করেছি, এই অ্যাপস শুধু তথ্যের মাধ্যম নয়, এটি সংকটে পাশে দাঁড়ানোর এক শক্তিশালী হাতিয়ার।
তালতলীর চরপাড়ার বাসিন্দা হারুন অর রশিদ বলেন, পাশের বাড়িতে আগুন লেগেছিল, আমরা অ্যাপস থেকে ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার নিয়ে দ্রুত ব্যবস্থা নিই। যদি দেরি হতো, বড় দুর্ঘটনা হত।
বরগুনা সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বরগুনা জজ কোর্টের দক্ষ আইনজীবী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সাধারন সম্পাদক এ্যাড, আব্দুল ওয়সী মতিন বলেন, এই অ্যাপস শুধু একটি মোবাইল সফটওয়্যার নয় এটি বরগুনার মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ নাম বরগুনা তথ্যসেবা অ্যাপস ।এই অ্যাপসে বরগুনার সকল গুরুত্বপূর্ণ ফোন নাম্বার লিপিবদ্ধ করা আছে।এই অ্যাপসটি ব্যবহার করলে আমরা সকলে উপকৃত হবো।
রিয়াদ হোসাইন বর্তমানে ঢাকার ধানমণ্ডিতে একটি আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন। কাজের ফাঁকে এখনও সময় বের করে অ্যাপটির উন্নয়নে যুক্ত থাকেনকারণ এটা শুধু তার কাজ নয়, এটা তার স্বপ্ন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































