চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় ইউএনও’র জনসচেতনতা দুই লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ
মোঃ রাশেদুল ইসলাম,নাটোর প্রতিনিধি-সিংড়ার চলনবিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান চলমান রয়েছে।
বর্ষার শুরুতেই মা মাছ ও পোনা মাছ সহ জীববৈচিত্র্য রক্ষায় শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও তিশিখালী, সাতপুকুরিয়া ও ইন্দ্রাসুন খালের প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে প্রায় ৬০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। বিলের জীববৈচিত্র্য রক্ষায় পথে পথে বিভিন্ন বাজার এলাকার উপস্থিত জনসাধারণকে সচেতন করছেন ইউএনও। জব্দকৃত জালের মূল প্রায় দুই লক্ষাধিক টাকা বলে জানা গেছে।
এই অভিযানের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিল জীববৈচিত্র্য ভরপুর একটি এলাকা। এই বিলে মাছের সাথে সাথে বেশ কিছু অতিথি পাখিরও আগমন ঘটে। বর্ষার শুরুতেই প্রশাসনের এমন অভিযান জীববৈচিত্র্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান তিনি।
সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিলে পানি আসার সাথে সাথেই ডিমে পেট ভরপুর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ দেখা যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি সেই মাছগুলো চায়না জাল ফেলে নিধন করছে। মাছের প্রজনন ঘটাতেই নিয়মিত প্রশাসনের অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া চলনবিলে মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা সৃষ্টি, পথসভা ও মাইকিং করা হচ্ছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































