নাটোরে চামড়া আড়ৎ পরিদর্শন করলেন বাণিজ্য উপদেষ্টা
নাটোর প্রতিনিধি-অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চামড়া নিয়ে একটি মহল অপপ্রচার চলছে। গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এ বছর সর্বোচ্চ। গরমের কারনে সংরক্ষণে সমস্যা হওয়ায় এ বছর চামড়া পচে নষ্ট হয়েছে। তবে মৌসুমি ব্যবসায়ীদের অদুরদর্শিতা ও জ্ঞানের অভাবের কারনে চামড়া কেনা-বেচায় তারা ধাক্কা খেয়েছে। পচা চামড়ার যে দাম পাওয়া গেছে এটাই অনেক বেশি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের দেশে এ বছর লবণ ফলন অনেক বেশি হয়েছে। সরকার যে সাড়ে ৭০০ মণ লবণ কিনেছে এর ফলে লবণ চাষীদেরও তাদের একটা উপায় হয়েছে । যে এক হাজার টাকার লবণ বিক্রি হয়েছে এটা তো বাঁচবে না আপনাকে যখন সরকারি হিসেবে চিন্তা করতে হয় তখন সামগ্রিকভাবে সকলে চিন্তা করতে হয়। লবণ চাষীদের কে নিয়ে আমাদের চিন্তা করতে হয়। তখন শিল্প মন্ত্রণালয় যখন লবণ চাষীদের সহায়তা সহায়তার উদ্দেশ্যে এই সাড়ে সাতশ মণ লবণ ক্রয় করেছে। বাজার ব্যবস্থাটা সুষম কাঠামো তৈরি হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর চকবৈদ্যনাথ চামড়া আড়ৎ এলাকায় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবসা চাই। শুধু একটি বা দুটি দেশের সঙ্গে নয়, বরং ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্য করতে চাই। একইভাবে বৈশ্বিক বাজার থেকেও পণ্য আমদানি করব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমানসহ চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতৃবৃন্দ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































