# Tags

মাত্র ২০ বছর বয়সেই সফল উদ্যোক্তা ইয়াসিন শাওন

শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-মাত্র ২০ বছর বয়সেই একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন ময়মনসিংহের ইয়াসিন শাওন। যখন তার বয়সী তরুণরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা ক্যারিয়ার পরিকল্পনায় ব্যস্ত, তখন তিনি গড়ে তুলেছেন একটি সফল ডিজিটাল এজেন্সি, যা থেকে প্রতি মাসে আয় করছেন ৪ থেকে ৫ লাখ টাকা।

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের তরুণ ইয়াসিন শাওনের পিতা মো. ইলিয়াস। খুব সাধারণ পরিবার থেকে আসা শাওন মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযুক্তিগত সমস্যার সমাধান প্রদান করেন। তার সেবার মধ্যে রয়েছে—হ্যাকড অ্যাকাউন্ট পুনরুদ্ধার, ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতকরণ, ভুয়া রিপোর্ট অপসারণ, বিজনেস অ্যাকাউন্ট সেটআপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজিটাল সাপোর্ট।

শেখা শুরু করেন ১৬ বছর বয়সে ইয়াসিন শাওনের ডিজিটাল যাত্রা শুরু হয় মাত্র ১৬ বছর বয়সে, যখন তিনি ফেসবুকে নিজের একটি সমস্যায় পড়েন। তখন থেকেই বিষয়টি শেখার আগ্রহ জন্মায় তার মনে। শাওন বলেন, “আমি বুঝতে পারি, প্রতিদিন অসংখ্য মানুষ এসব সমস্যায় পড়ে যাচ্ছে, অথচ তারা সঠিকভাবে সাহায্য পাচ্ছে না। তখন থেকেই নিজে শেখা শুরু করি।”

শেখার পাশাপাশি তিনি পরিচিতদের সাহায্য করতে থাকেন। ধীরে ধীরে সেবার মান ও চাহিদা বাড়তে থাকলে নিজেই গড়ে তোলেন একটি ডিজিটাল এজেন্সি।

দেশ-বিদেশের ক্লায়েন্ট বর্তমানে ইয়াসিন শাওনের অধীনে একটি ছোট অথচ দক্ষ টিম কাজ করছে। প্রতিদিনই দেশ-বিদেশ থেকে বহু ক্লায়েন্ট তাদের ডিজিটাল সমস্যার সমাধান নিতে তার এজেন্সির সঙ্গে যোগাযোগ করছেন।

শাওন বলেন, “আমরা শুধু সমস্যার সমাধান করি না, বরং ক্লায়েন্টদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে প্রয়োজনীয় পরামর্শ ও গাইডলাইনও দিয়ে থাকি।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিজের সেবাকে আরও পেশাদারভাবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে শাওনের। তিনি চান—বাংলাদেশের তরুণ প্রজন্ম যেন প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।

তার ভাষ্য, “যদি ইচ্ছা, পরিশ্রম আর নিষ্ঠা থাকে—তাহলে বয়স কোনো বাধা নয়। আমি চাই দেশের তরুণরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করুক।”

এই অল্প বয়সেই যে আত্মবিশ্বাস, দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে ইয়াসিন শাওন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তা নিঃসন্দেহে দেশের তরুণ সমাজের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।