# Tags

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দিনাজপুরে ভাঙচুর সিন্ডিকেট ভবন, ব্যবসায়ী-ঠিকাদারি সিন্ডিকেটের সভাপতি-সম্পাদক আত্মগোপনে

দিনাজপুর প্রতিনিধি ঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দিনাজপুরে ভাঙচুর হয় আওয়ামীলীগ সমর্থিত সিন্ডিকেট প্রতিষ্ঠান ‘‘ঐতিহ্য’’-এর ভবন। আন্দোলনের পর প্রতিষ্ঠানটির ফ্যাসিস্ট সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দ আত্মগোপনে চলে গেছেন।

আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দিনাজপুরে স্থানীয় ওয়ার্ড কমিটির নেতা, ব্যবসায়ী ও ঠিকাদারদের নিয়ে ‘‘ঐতিহ্য’’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি-বেসরকারি ঠিকাদারি কাজ, ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ এবং অর্থ উপার্জনের সঙ্গে জড়িত ছিল।

অভিযোগ রয়েছে, আওয়ামী মতাদর্শে অনুগত না হলে কোনো ব্যবসায়ী বা ঠিকাদার এ অঞ্চলে কাজের সুযোগ পেতেন না। ফলে ৯০ শতাংশ সরকারি ও বেসরকারি কাজ ভাগ হয়ে যেত আওয়ামী সমর্থিত ঠিকাদার ও ব্যবসায়ীদের মধ্যে। একইসঙ্গে এ প্রতিষ্ঠান বিভিন্ন সময় আওয়ামীলীগ রাজনৈতিক কর্মকাণ্ডেও অর্থ যোগান দিত।

দিনাজপুর পৌর আওয়ামীলীগের ১০ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা মো. আফজাল হোসেন ছিলেন প্রতিষ্ঠানের সর্বশেষ সভাপতি। পৌরসভার শাখারিপট্টি এলাকায় পাম বসানোর জমি জরপুর্বক লিজ নিয়ে সেখানে ‘‘ঐতিহ্য’’ ভবন নির্মাণ করে ।

তবে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ দানা বাঁধছিলো। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় ভবনটি ভাঙচুর হয়। এ ঘটনার পর ‘‘ঐতিহ্য’’-এর সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যান এবং এখনও তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন জানান, ‘‘ভবনটি ভেঙে পৌরসভার জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।’’

দিনাজপুরবাসী ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট ঠিকাদারি থেকে শুরু করে সব ধরনের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলো। এখন তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত, আইনগত ব্যবস্থা ও বিচারের দাবি জানিয়েছেন।