গ্রামীণ বিদ্যালয়ে স্বাস্থ্যবান্ধব উদ্যোগে বেড়েছে কিশোরীদের আত্মমর্যাদা ও উপস্থিতির হার
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কিশোরী শিক্ষার্থীদের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও মাসিককালীন চাহিদা পূরণের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ইসলামিক রিলিফ-কানাডার অর্থায়নে বাস্তবায়িত (সার্পোট) প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
দাউদপুর এমএল উচ্চ বিদ্যালয়, প্রাণ কৃষ্ণপুর অন্ডলগ্রাম উচ্চ বিদ্যালয়, শালখুরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, বিনোদনগর উচ্চ বিদ্যালয় ও রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য এই উদ্ভাবনী সমাধান কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা এবং বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। গত ২৭ ও ২৮ আগস্ট ২০২৫ ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ভার্টিক্যাল ইনোভেশন লিমিটেডের সহযোগিতায় উল্লিখিত বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হয় (প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা সেশন)।
সেশনে মোট ২৭৫ জন স্কুলছাত্রী, শিক্ষক এবং স্যানিটারি ভেন্ডিং মেশিন অপারেশনাল কমিটির সদস্য অংশ নেন। রিসোর্স পার্সনরা শিক্ষার্থীদের মাসিককালীন স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাপনা, সঠিক সময়ে স্যানিটারি পণ্য ব্যবহার এবং ভেন্ডিং মেশিন পরিচালনার ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্যোগটির ফলে কিশোরীরা প্রয়োজনীয় স্যানিটারি পণ্য সহজে পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠছে। বিশেষ করে মাসিককালীন সময়ের লজ্জা ও সমস্যার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার প্রবণতা কমেছে। শিক্ষার্থীরা জানায়, জরুরি মুহূর্তে ন্যাপকিন না পাওয়ার কারণে অনেক সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো, কিন্তু এখন ভেন্ডিং মেশিন থাকায় সমস্যার সমাধান হয়েছে।
শিক্ষকরা মনে করেন, এ উদ্যোগ শুধু স্বাস্থ্য সচেতনতাই নয়, বরং কিশোরীদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করছে। ফলে (শিক্ষা ও স্বাস্থ্য) দুটো ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নবাবগঞ্জের গ্রামীণ এলাকা।
ইসলামিক রিলিফ বাংলাদেশ জানায়, ভবিষ্যতে উপজেলার আরও বিদ্যালয়ে এই ভেন্ডিং মেশিন স্থাপন এবং সচেতনতা সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামীণ কিশোরীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বেড়ে উঠতে পারে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































