# Tags

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

আব্দুর রউফ ভুঁইয়া ,কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের কটিয়াদির কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নূরুল আমিনের দীর্ঘ ২৭ বছর চাকরি জীবনের শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনার মাধ্যমে ঘোড়ার গাড়িতে চড়িয়ে পুরো এলাকা ঘুরিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মো: নূরুল আমিন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
রবিবার ৩১ আগষ্ট কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাউনা গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয় ঐ আদর্শবান শিক্ষক কে।
রবিবার সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়

পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন, সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়াল, সহকারী প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া, অভিভাবক সদস্য আসাদুজ্জামান আসাদ এবং দাতা সদস্য মো. ইব্রাহিম মিয়া।
এমন অভূতপূর্ব আয়োজনে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক অশ্রুসিক্ত নয়নে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

বিদায়ী শিক্ষক মো. নুরুল আমিন বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ স্মৃতি আমৃত্যু আমার হৃদয়ে অমলিন থাকবে। তিনি সকলের সুস্থতা কামনা করে বলেন, সুযোগ পেলেই বিদ্যালয়ের খোঁজ নিতে আসব।
একজন আদর্শবান ও কর্তব্যপরায়ণ শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি, মানবিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীবান্ধব আচরণ প্রতিষ্ঠানটিকে শৃঙ্খলা ও শিক্ষার মানে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শিক্ষার্থীদের অর্থায়নে তাদের প্রিয় শিক্ষককে বিদায় কালে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল উপহার প্রদান করা হয়।