দৌলতপুর সীমান্তে ভারতীয় চারটি মহিষ আটক
সাইদুর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতীয় চারটি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৯-এস থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে রামকৃষ্ণপুর মোল্লাপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি মহিষ আটক করা হয়। এ মহিষগুলোর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
পরের দিন সোমবার (৮ সেপ্টেম্বর) একই সময়ে সীমান্ত পিলার ১৫৪ মেইন থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে বাজুমারা পোল্টির মোড় এলাকায় আরও দুটি মহিষ আটক করা হয়। এ মহিষগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
আটককৃত মহিষগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































