ব্রাহ্মণবাড়িয়ার ওসি মোজাফফর হোসেন প্রত্যাহার
আল আমিন সরকার ব্রাহ্মণবাড়িয়া-ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদল প্রার্থীদের পক্ষে ফেসবুকে প্রকাশ্যে শুভকামনা জানানোর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।
ডাকসু নির্বাচনে বিএনপি সমর্থিত ছাত্রদল প্রার্থীদের পক্ষে ওসির ফেসবুক পোস্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে ওসি মোজাফফর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন, যাতে লেখা ছিল “২১, ১৭, ০৮”। এগুলো ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত তিন প্রার্থীর ব্যালট নম্বর। কার্ডের ক্যাপশনে ওসি লিখেন “মেধাবীদের জন্য শুভকামনা রইল।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
এদিকে, একইদিন দুপুরে ওসি মোজাফফর নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি দাবি করেন, তার ফেসবুক আইডি কে বা কারা হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই পোস্ট দিয়েছে।
জিডিতে তিনি উল্লেখ করেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে, বেগুনি রঙের ব্যাকগ্রাউন্ডে ‘শুভ কামনা ২১, ১৭, ০৮’ লেখা পোস্ট ছড়িয়ে পড়েছে। অথচ আমি আমার আইডিতে ঢুকে এমন কোনো পোস্ট পাইনি। বিষয়টি তাৎক্ষণিক পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































