পূজা-অর্চনা ,অঞ্জলী, আরতী আর ভোগরাগের মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী পালিত হচ্ছে
নাটোর প্রতিনিধি-ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চতুর্থ দিনের মত নাটোরে পালন করা হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আজ ১ অক্টোবর বুধবার সকল দূর্গামন্দির এবং মন্ডপে মহানবমীবিহিত পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকালে মায়ের পায়ে অঞ্জলি দিয়েছে মন্দিরে আগত ভক্ত মন্ডলী।
পরে ভোগ আরতীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নবমী পূজার আনুষ্ঠানিকতা । পৃথিবী থেকে অশুভ শক্তি নাশ করতে পুজা মন্ডপে মন্ডপে করা হচ্ছে হোমযজ্ঞ। এসময় শঙ্খ, উলুধ্বনি এবং ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। সন্ধ্যায় পূজা,আরতি এবং ভোগরাগের মধ্য দিয়ে শেষ হবে মহানবমীর আনুষ্ঠানিকতা। ভক্তমন্ডলী অপেক্ষা করবে মাকে বিদায় দেওয়ার দিন শারদীয় দূর্গোৎসবের শেষ দিনের পূজার জন্য। এদিকে অন্যান্য দিনের মতো জেলা ও জেলার বাইরে থেকে বিপুল দর্শনার্থী ও ভক্ত সমাগম হয়েছে নাটোর শহরে। ভিড় ঠেলে সকল মন্দিরে প্রবেশেও বেগ পেতে হচ্ছে তাদের। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্ত দর্শনার্থী এবং ভক্তদের নিরাপত্তার জন্য। এ বছর এখনো পর্যন্ত জেলায় কোনরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































