জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবিতে দিনাজপুর জেলা প্রশাসকের নিকট জামায়াতে ইসলামীর স্মারকলিপি প্রদান
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বেই ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোটের বাস্তবায়নসহ ৫-দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা রবিবার (১২ অক্টোবর ২০২৫) মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই স্মারকলিপি প্রদান করা হয়। সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের পূর্বেই জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়ন করার উপর জোর দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান-এর নেতৃত্বে শহর আমীর সিরাজুস সালেহিন, শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেল, সদর তিন আসনের এমপি প্রার্থী মাইনুল আলম ইসলাম, চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান, খানসামা ও চিরিরবন্দর আসনের প্রার্থী আফতাব উদ্দিন মোল্লাসহ জেলা ও শহর জামায়াতের ১৩ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান জানিয়ে দ্রুত তাদের ৫-দফা দাবি বাস্তবায়ন করবে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































