বর্ণিল সংস্কৃতি আর প্রাণের উচ্ছ্বাসে বরণ হলো নবীণ শিক্ষার্থীরা
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর হলি ল্যান্ড কলেজ ক্যাম্পাস-২ প্রাঙ্গণ শনিবার (৮ নভেম্বর-২০২৫) নবীণ বরণ ও ওরিয়েন্টেশন উপলক্ষে যেন এক টুকরো আনন্দলোকে পরিণত হলো। কলেজটির ঐতিহ্য অনুযায়ী এদিন নবীণ শিক্ষার্থীদের বরণ করে নিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ছিল দিকনির্দেশনা, শুভেচ্ছা বিনিময়, আর মন মাতানো সাংস্কৃতিক পরিবেশনা।
হলি ল্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা: হবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রফেসর মো. আব্দুর রউফ। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে কলেজের শৃঙ্খলা ও লক্ষ্য অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক সদস্য সাহাদাত খান মুন্না এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহ্উদ্দীন খোকন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ প্রফেসর ইকবাল কবির মোগল। বক্তারা সকলে মিলে নতুনদের কলেজ জীবনের প্রথম ধাপকে আনন্দময় ও ফলপ্রসূ করার বার্তা দেন।
দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা এনজেল ও রিশাদ জাহান রূপা’র সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়। শিক্ষকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল রানা। নবীণ শিক্ষার্থীদের মধ্য থেকে নিজেদের অনুভূতি প্রকাশ করে শ্বাশতী রায় স্মিতা, হৃত্ত্বিক চন্দ্র রায় ও রুকাইয়া হাসান। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বনশ্রী রায় বৃষ্টি পাঠ করেন অভিনন্দন পত্র।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মো. নাকিব আনজুম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী ভাবনা রাণী বর্মণ। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর নবীণ শিক্ষার্থীদের হাতে ফুল ও উপহার সামগ্রী তুলে দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষক শাশ্বতী দেবনাথ-এর নেতৃত্বে এক ঝাঁক ছাত্রী – স্নিগ্ধা, শ্রাবন্তী, ইসমাত, অনু, শাকিলা, অতশী তামান্না, লাবণ্য, ঐশী, নোভা, কুমকুম ও শর্মী; এবং ছাত্ররা – রাহাত, আরাফ, মুসাব্বির, গালিব, জারিফ, তাহসান ও মধুসুদন দলীয় সংগীত পরিবেশন করে হলি ল্যান্ড কলেজের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় দেয়।
একক সংগীতে মঞ্চ মাতান কুমকুম সরকার, কনা, শর্মী, আরাফ, মুসাব্বির ও গালিব। এছাড়া রাণী, নুসরাত, রুকাইয়া, টুম্পা, রামিশা, প্রত্যাশা, মাশিয়াত ও মুবতাসিম-এর পরিবেশিত নৃত্য দর্শকদের মুগ্ধ করে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































