হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ কর্মস্থলের পথে স্তব্ধ হলেন গুণী সাংবাদিক
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র সাংবাদিক আবদুল কাদির (৬৫), শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিঊন)।
তাঁর মৃত্যুতে পার্বতীপুর সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় যুক্ত থাকা এই গুণী মানুষটি ছিলেন পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি।
শনিবার সকাল ঠিক ৭টায় তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ মাথা ঘুরে মাটিতে পরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো মাত্র ৬৫ বছর।
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় জন্মগ্রহণ করলেও পার্বতীপুরের ধুপিপাড়া মহল্লায় স্থায়ীভাবে বসবাস করতেন আবদুল কাদির। সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ীও তিনি ব্রাদার্স লাইব্রেরী এবং পার্বতীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসেরও স্বত্বাধিকারী ছিলেন।
পেশাদারিত্ব ও নিষ্ঠার কারণে তিনি সহকর্মী, স্থানীয় প্রশাসন ও গণমানুষের কাছে ‘উচ্চ মর্যাদার আসনে’ অধিষ্ঠিত ছিলেন।
মৃত্যুকালে তিনি শোকসন্তপ্ত স্ত্রী, চার পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসক্লাবসহ সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনে তিনি ছিলেন একজন নিরলস কর্মী ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর এই শূন্যতা পূরণ হওয়ার নয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































