অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিল বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট গ্রুপ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত চার দিনব্যাপী প্রথম অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার স্কাউট গ্রুপ। চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার।
বৃহস্পতিবার সকাল নয়টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনী মহল্লায় চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ কার্যালয়ে ‘প্রকৃতির মেলবন্ধনে রোভারিং’ স্লোগানে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে জেলার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে রোভার সদস্যরা অংশ নেয়। এছাড়া এ ক্যাম্পে অংশ নেয় বাবুডাইং আলোর পাঠশালার একটি দলও। ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত বাবুডাইং আলোর পাঠশালা।
সকাল নয়টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনী এলাকার চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার ডেন (কার্যালয়) থেকে এ ক্যাম্পের পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন ক্যাম্প চীফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের এসিসট্যান্ট লিডার ট্রেনার (এএলটি) সাইফুল ইসলাম। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রোগ্রাম চীফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার এএলটি কে এ এম মাহফুজুর রহমান, ডেপুটি ক্যাম্প চীফ জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্যাম্প কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, আবাসন ইনচার্জ ও বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, ক্যাম্পের সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. হেলাল উদ্দিন শেখ নাসিম, ক্যাম্প পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহসভাপতি সাঈদ মাহমুদ। ট্র্যাকিং মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল কোল।
এসময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার আয়োজিত এ ক্যাম্পটির মাধ্যমে রোভার সদস্যরা নানা বিষয়ে রোমাঞ্চকর ও শিক্ষনীয় বিষয় জানতে পারবে। তারা এ ক্যাম্প চলাকালীন সময়ে ২৫টি মিশন সম্পন্ন করবে। এরমধ্যে রয়েছে সেভ দ্য নেচার এন্ড আর্ন মানি, নেচার অবজারভেশন, ব্যাক উডস্ ম্যান কুকিং, নাইট হাইকিং, এ্যামেজিং নাইট, সাইড সীন, সোশাল ডেভলপমেন্ট, এ্যামেচার রেডিও এক্টিভিটিজ, ফায়ার এন্ড রেসকিউ, ক্যারিয়ার প্ল্যানিং। এসব চ্যালেঞ্জের মাধ্যমে তারা প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জঙ্গল, টিলাবেষ্টিত প্রতিকূল পরিবেশ অতিক্রম করবে। পরিদর্শন করতে পারবে কোল ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জীবন গাঁথার গল্প। এছাড়া ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শনের মাধ্যমে ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে জানার সুযোগ পাবে।
উদ্বোধন শেষে রোভাররা এক লাইনে ট্র্যাকিং শুরু করে। এসময়ে মধ্যে তারা বাবুডাইং এলাকার পাহাড়ি টিলা, জঙ্গল, খাঁড়ি, মাঠ, ক্ষুদ্র জাতিসত্ত্বার গ্রাম পরিদর্শন করে চলতে থাকে। মাঝে থাকে চা-বিরতি। দুপুর তিনটায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় গিয়ে ট্র্যাকিং শেষ হয়। সেখানে মধ্যাহ্নভোজের পর শুরু হয় আবার কিছু চ্যালেঞ্জ। এরমধ্যে হিল ফান, হাঁড়ি ভাঙ্গা, রশি টানা, আর্চারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ক্যাম্পে ফিরে আসে তারা। সন্ধ্যায় প্রার্থনা শেষে নাইট হাইকিং-এ অংশ নেয় তারা।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































