ভুল বিশ্বাসের রাজনীতি থেকে বেরিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ
নাটোর প্রতিনিধি :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ভোটারদের প্রতি বারবার ভুল জায়গায় বিশ্বাস না করে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি পথসভা, উঠান বৈঠক ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে আবুল কালাম আজাদ বলেন, “ন্যায় ও সততার পক্ষে, ইনসাফের পক্ষে আপনারা ভোট দিন।” তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ প্রতিশ্রুতির রাজনীতিতে প্রতারিত হয়েছে। “আমরা বারবার ভুল জায়গায় বিশ্বাস করেছি। যোগ্য প্রার্থীর হাতে ভোট দিতে পারিনি। সবাই কথা দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি,”—বলেন তিনি।
নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি—আপনাদের আমার কাছে আসতে হবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, জনপ্রতিনিধি নিজেই এলাকায় ঘুরে দেখবে কোথায় কী উন্নয়ন প্রয়োজন। জনগণের বলার আগেই সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে। আর যদি তা করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে আর কখনো ভোট চাইতে আসব না।”
এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামীর রাজনীতি ও উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।
পথসভা ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব সরকার, পাকা ইউনিয়ন জামায়াতের আমির সাহেব আলী, সেক্রেটারি আব্দুর রহমান, থানা শিবিরের সহ সাহিত্য সম্পাদক নাঈম ইসলাম, পাকা ইউনিয়ন শিবির সভাপতি জাফর আহমেদসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক ভোটার।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































