ভালুকায় ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করলেন-এমপি ফখরউদ্দিন আহমেদ
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্তরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে মেলার উদ্বোধন করেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ। পরে তিনি বই মেলা পরিদর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেন,উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক রুহুল আমীন মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক গোলজার হোসেন, উসমানগনি মাখন, শাখাওয়াত হোসেন পাঠান,সমর পাঠানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষজনকে পছন্দ ও চাহিদা মতো বই কিনতে দেখা যায়। বাদ যায়নি ক্ষুদে শিক্ষার্থীরাও। তারা তাদের মা-বাবাদের সাথে নিয়ে মেলায় এসেছে বই কিনতে।
মেলায় বই কিনতে আসা ভালুকা সরকারি বালিকা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সারা খাতুন বলেন, আমি বইমেলা দেখতে এসেছি। যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে বই পাই তাহলে কিনব।
আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত (বেলা১১ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) মেলা চলবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































