বৈরাগীর চর মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সাইদুর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউনিয়নের বৈরাগীর চর মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর আসনের বিএনপি মনোনীত এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি তার বক্তব্যে দেশ-রাজনীতি, স্বাধীনতার ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে এবং শারিয়ার রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বেলাল হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাবগঞ্জ সুগার মিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, ফিলিপনগর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ নুর রহমান, মরিচা ইউপির সাবেক চেয়ারম্যান মাহাবুল মন্ডল, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুর রহমান, আব্দুল লতিফ মেম্বার, খাইরুল ইসলাম, শাহীনুর রহমান, তুহিন ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একাধিক টেলিভিশন ও বেতারের শিল্পীরা সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































