# Tags

‎তালায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি রাস্তা কেটে মৎস্য ঘেরের সীমানা বৃদ্ধি

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :সাতক্ষীরার তালায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি রাস্তা কেটে মৎস্য ঘেরের সীমানা বৃদ্ধির অভিযোগ উঠেছে। ঘটনা উপজেলার মহান্দীর বিলে ঘটেছে। শতবছরেরও অধিক সময় ধরে যে রাস্তা দিয়ে বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে সেই রাস্তাটি কেটে খাল ভরাটি জায়গার উপর দিয়ে নতুন রাস্তা করে দিয়ে পুরাতন রাস্তা কেটে মৎস্য ঘের বৃদ্ধির চেষ্টা করছে মহান্দী গ্রামের মৃত বজলু শেখের ছেলে আলহাজ্ব শেখ নজরুল ইসলাম।

‎এব‍্যাপারে মহান্দী গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে শওকত শেখ (৭২) ও জাহিদুল ইসলাম (৫২) জানান, আমার বয়স ৭২ বছর। এই বয়সভোর আমি ঐ পুরাতন রাস্তা দিয়ে চলেছি এবং অন‍্য লোকজনকে চলতে দেখেছি। রাস্তার পাশ দিয়ে পানি সরবরাহের জন‍্য খাল চলে গেছে এই খালটিকে মানুষ গেটের খাল বলে। এক সময় খালে প্রচণ্ড স্রোত ছিল। আজ কালের বিবর্তনে সেটি ভরাট হয়ে যাওয়ায় মরা খালে পরিনত হয়েছে। সেই খালের উপর দিয়ে নতুন রাস্তা নির্মাণ করে পুরাতন রাস্তা দখল করে নিচ্ছে হাজী নজরুল ইসলাম। খালের ভিতর দিয়ে রাস্তা তৈরি করলে সে রাস্তা এক বছরও টেকবেনা। ক্ষতিগ্রস্ত হবে সরকার ও এলাকার মানুষ। মুল রাস্তাটি যেন কেটে ঘের সম্প্রসারণ না করতে পারে সে জন‍্য প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসি জোর দাবি জানান।

‎এব‍্যাপারে আলহাজ্ব শেখ নজরুল ইসলাম বলেন, ঐ জায়গা দিয়ে সরকারি রেকর্ডিও কোন রাস্তা না। ওয়াবদা পর্যন্ত যার যার জমির মাথা দিয়ে রাস্তা করা। ওটা আমাদের মালিকানা জমি খাল ধার পর্যন্ত। আমরা কয়েক জন জমির মালিক মিলে রাস্তাটা সরিয়ে আমাদের খরচে খাল ধার দিয়ে বেধে দিচ্ছি।

‎এবিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, এলজিইডি গেজেটভুক্ত রাস্তা থেকে কমপক্ষে দশ ফুট ছেড়ে তারপর ঘের/জমির মালিকগন তাদের নিজ ঘের/পুকুর/জলাশয় নির্মাণ করতে পারবেন। কোন ভাবেই রাস্তার সোল্ডার থেকে মাটি কেটে জলাশয় নির্মাণ করা যাবেনা। এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগের একটি পরিপত্র রয়েছে।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম জানান, এলাকাবাসী মিলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন আমাকে যদি ইউএনও মহোদ্বয় দায়িত্ব দেয় তাহলে তদন্ত করে প্রতিবেদন দিব।

‎এব‍্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খাঁন জানান, আমি ঘটনাস্থলে যাব, তদন্ত করে দেখবো রাস্তা কেটে কেউ যদি ঘের তৈরি করে তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।