# Tags

ত্রিশালে হামলা-লুটপাটের অভিযোগ, ‘সাজানো নাটক’ দাবি বিএনপি নেতার

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশাল উপজেলা-এর বালিপাড়া এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার তার বিরুদ্ধে আনা অভিযোগকে “সাজানো নাটক ও ষড়যন্ত্র” বলে দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাতে বালিপাড়া এলাকায় রুবেল পালোয়ান (২৫) নামে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পক্ষের অভিযোগ, এ ঘটনার সঙ্গে আব্দুস সাত্তার ও তার সমর্থকরা জড়িত। হামলায় আহত রুবেল পালোয়ান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আব্দুস সাত্তার বলেন, “ঘটনার সময় আমি এলাকায় উপস্থিত ছিলাম না। একজন বয়স্ক ও সম্মানিত ব্যক্তি হিসেবে এলাকায় আমার দীর্ঘদিনের সুনাম রয়েছে। সেই সম্মান ক্ষুণ্ণ করতেই একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে জড়ানোর চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, বালিপাড়া এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে আগে থেকেই স্বার্থসংঘাত বিদ্যমান। নিজেদের অভ্যন্তরীণ বিরোধ আড়াল করতে এবং রাজনৈতিকভাবে ঘায়েল করতেই তাকে বলির পাঁঠা বানানো হচ্ছে।
আব্দুস সাত্তার দাবি করেন, সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ বিষয়ে বালিপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মোমেন বলেন, “এলাকায় নতুন করে গড়ে ওঠা মাদক ব্যবসায়ী চক্রই এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দা আজিজুল হক বাদলও একই অভিযোগ তুলে বলেন, “মাদকের বিরুদ্ধে কথা বলাতেই আব্দুস সাত্তারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।”