খাগড়াছড়িতে ভূমি মেলা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি।। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯, ২০ ও ২১ মে অনুষ্ঠিতব্য ভূমি মেলা উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করে খাগড়াছড়ি জেলা প্রশাসন।
এতে সভাপতিত্ত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
প্রেস কনফারেন্সে মে ভূমি মেলার বিভিন্ন কার্যক্রম, ডিজিটাল ভূমি সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ অনলাইনভিত্তিক ভূমি ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজ ভূমি সেবা পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার অটোমেশন কার্যক্রম জোরদার করেছে। মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে জানতে ও তা গ্রহণ করতে পারবেন।
এতে খাগড়াছড়ি অতিরিক্ত পৌর প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক সমির মল্লিক সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































