ভালুকায় পৌরকর্মচারীদের ঈদ আনন্দে গরু কিনে দিলেন পৌর প্রশাসক
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন ভালুকা পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন। নিজ উদ্যোগে পৌরসভার স্বল্প আয়ের কর্মচারীদের জন্য কোরবানির গরু কিনে দিয়ে তিনি প্রশংসায় ভাসছেন সর্বমহলে।
জানা গেছে, ভালুকা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ নিম্ন আয়ের কর্মচারীরা এবার প্রথমবারের মতো কোরবানিতে শরিক হওয়ার সুযোগ পেয়েছেন। পৌর প্রশাসকের সহযোগিতায় তারা গরুর হাটে গিয়ে নিজেরাই কোরবানির পশু পছন্দ করে কিনেছেন। এতে কর্মচারীদের মাঝে ঈদের আনন্দ কয়েকগুণ বেড়ে যায়।
এ মানবিক উদ্যোগে পৌরসভার কর্মচারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই জানান, জীবনে প্রথমবারের মতো কোরবানিতে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত।
স্থানীয়দের মতে, একজন প্রশাসনিক কর্মকর্তার এমন সহমর্মিতাপূর্ণ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন বলেন, “পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করেন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমার এই ছোট্ট প্রচেষ্টা।”




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































